এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু সংশ্লিষ্ট বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দিতে পারবেন। চলতি বছরের ফল অনুযায়ী, এ ধরনের অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই নতুন সুযোগের কথা জানান। প্রকাশ করা পরিসংখ্যানে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ।
শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর উদ্যোগ
প্রচলিত নিয়মে পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরবর্তী বছরের পরীক্ষার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এর ফলে তারা শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি চরম মানসিক চাপে পড়েন। এই প্রেক্ষাপটে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা ফল প্রকাশের তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
সম্প্রতি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত সম্মেলনেও অকৃতকার্য বিষয়ে দ্রুত পরীক্ষার দাবি উঠেছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন, যার ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত নিল।





