যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটার নিবন্ধনের সময়সীমা এগিয়ে আসছে। আগ্রহী যোগ্য নাগরিকদের আগামী ২৪ অক্টোবরের মধ্যে নতুন ভোটার হিসেবে নিজেদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনসের প্রকাশিত সর্বশেষ সময়সূচি অনুযায়ী, এই নির্ধারিত তারিখটি ভোটার নিবন্ধনের ক্ষেত্রে চূড়ান্ত সময় হিসেবে গণ্য হবে। অনলাইনে নিবন্ধনের জন্য নিউইয়র্ক স্টেটের ভোটার নিবন্ধন পোর্টাল ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে আবেদনকারীর একটি ঘণ.মড়া ওউ প্রয়োজন হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সেটি ব্যবহার করেই আবেদন করা যাবে। সরাসরি নিবন্ধন করতে আগ্রহীরা নিজ কাউন্টির বোর্ড অব ইলেকশনস অফিস, অনুমোদিত সরকারি সংস্থার নিবন্ধনকেন্দ্র অথবা ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলসের (ডিএমভি) মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাভাষী প্রবাসীদের সুবিধার্থে নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনসের ওয়েবসাইটে বাংলায় ভোটার নিবন্ধন ফরম পাওয়া যাচ্ছে।
নির্বাচনে ভোট প্রদানের যোগ্যতা হিসেবে একজন নাগরিকের বয়স নির্বাচনের দিন পর্যন্ত অবশ্যই কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট নির্বাচনের আগে নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং নির্দিষ্ট এলাকায় কমপক্ষে ৩০ দিন স্থায়ীভাবে বসবাস করার বাধ্যবাধকতা রয়েছে। এই শর্তগুলো পূরণ সাপেক্ষে যোগ্য নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নিবন্ধনের বিষয়ে কিছু বিশেষ নিয়মের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। যাদের বয়স বর্তমানে ১৬ বা ১৭ বছর, তারাও আগাম ভোটার হিসেবে নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন। তবে এটি মনে রাখা জরুরি যে, ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাদের ভোট দেওয়ার কোনো আইনি সুযোগ থাকবে না। ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে মূল ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভোট দিতে পারবেন। ফরমটি প্রিন্ট করে স্বাক্ষর ও তারিখ দিতে হবে।
এছাড়া, ভোটারদের ঠিকানার পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনসের ঘোষণা অনুযায়ী, ভোটার তালিকায় নিজেদের ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করার শেষ দিন নির্ধারিত হয়েছে ১৯ অক্টোবর। যারা বর্তমানে অন্য এলাকায় বসবাস করছেন বা স্থান পরিবর্তন করেছেন, তাদের নির্ধারিত এই তারিখের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যোগ্য নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে এই সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নির্ধারিত ২৪ অক্টোবরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না করলে সাধারণ নির্বাচনে ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন যোগ্য ভোটাররা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল যোগ্য নাগরিককে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। ডাকযোগে পাঠানো আবেদনও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।





