২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে আন্দোলন: তালা ভেঙে প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

প্রকাশ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সর্বাত্মক শাটডাউন ও কর্মবিরতির মাঝেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার সকাল পৌনে ৯টার দিকে প্রশাসনিক ভবন-২-এ ঢুকে তিনি একটি চেয়ারে বসেন। এসময় উপস্থিত কয়েকজনকে তার ছবি তুলতে দেখা গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ে টানা ২০ দিন ধরে অস্থিরতা চলছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় নিয়োগের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত ২১ সেপ্টেম্বর ড. সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এরপর ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন ঘোষণা করা হয়।

নতুন উপাচার্য গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে দায়িত্ব বুঝে নিলেও চলমান আন্দোলনের মুখে এতদিন ক্যাম্পাসে আসেননি। এদিকে গত ১০ অক্টোবর অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হয়। একই দিন প্রশাসনিক ভবন-২ এর সামনে স্টাফ অ্যাসোসিয়েশন বিক্ষোভ প্রদর্শন করে এবং আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেয়। রোববারও উপাচার্য ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ড. সায়েমকে পুনর্বহালের এক দফা দাবিতে অটল আন্দোলনকারীদের কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে।

শেয়ার করুন