২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী

প্রকাশ:

অহিংসা ও মহাত্মা গান্ধীর আদর্শ প্রচারের স্বীকৃতি হিসেবে এবার ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী। মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে বক্তারা গান্ধীর অহিংস দর্শন ও বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, মহাত্মা গান্ধী শান্তি ও সম্প্রীতির প্রকৃত অগ্রদূত এবং তার জীবনদর্শন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। ছাত্র-জনতার বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের চর্চা এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, নোয়াখালীর সোনাইমুড়ীতে অবস্থিত গান্ধী আশ্রমকে কেন্দ্র করে ভবিষ্যতে একটি পর্যটন বলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ওই এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি আশ্রমের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবনকুমার বলেন, সংঘাত ও বিভেদ এড়িয়ে শান্তি ও সহমর্মিতার পথ অনুসরণের মাধ্যমেই একটি মানবিক সমাজ গঠন সম্ভব। গান্ধীর কর্মময় জীবন আজও আমাদের সেই চিরন্তন সত্যের শিক্ষা দেয়। গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গান্ধী আশ্রম ট্রাস্টের সিইও ও পরিচালক রাহা নবকুমার।

শেয়ার করুন