২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের অর্থের সঠিক ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের অর্থের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও চলমান কার্যক্রম পর্যালোচনার সময় তিনি এ নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন প্রকল্পের লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন কর্মকর্তারা। সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন।

বাজেট বরাদ্দ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সরকার অর্থ সরবরাহ করবে, তবে সেই অর্থের প্রতিটি পয়সার হিসাব রাখা জরুরি। জনগণের অর্থের যেন অপচয় না হয় এবং তা যেন দেশ ও মানুষের কল্যাণে সঠিক উপায়ে ব্যয় হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। সরকারি দায়িত্বকে সাধারণ মানুষের জন্য কাজ করার একটি বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সাধারণ জনসংখ্যার তুলনায় সরকারি চাকুরিজীবীরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা যারা এখানে আছি, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আমাদের সবার সেই চেষ্টা থাকতে হবে।’’।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। আল্লাহ প্রদত্ত এই সুযোগকে দেশের মানুষের সেবায় কাজে লাগানোর জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যার হাতে যতটুকু কাজের সুযোগ রয়েছে, তা যেন আন্তরিকতার সাথে সম্পন্ন করা হয়। প্রত্যেকের উচিত তার দায়িত্বের পুরো সময়টুকু দেশের কল্যাণে সদ্ব্যবহার করা।

সভায় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরার আহ্বান জানান তিনি। আগামী দিনগুলোতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আরও খোলামেলা আলোচনার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

উক্ত সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সভার শেষে পুনরায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের সেবায় এগিয়ে আসার তাগিদ দেন।

শেয়ার করুন