২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেলিভারি বিরতিতে কুরআন তিলাওয়াত: প্রশংসায় ভাসছেন উগান্ডার প্রবাসী মনসুর

প্রকাশ:

সংযুক্ত আরব আমিরাতে ডেলিভারির কাজ করার সময় বাইকের পাশে বসে পবিত্র কুরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া ব্যাপক প্রশংসিত হচ্ছেন। তবে তার এই কুরআন চর্চা কেবল ভিডিও ভাইরাল করার উদ্দেশ্য নয়, বরং এটি তার প্রবাস জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দেশে থাকা স্ত্রী ও দুই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রবাসে আসা মনসুর কাজের প্রচণ্ড চাপের মধ্যেও নিজের ঈমানি চেতনা ধরে রেখেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অর্ডারের ফাঁকে রাস্তার পাশে বাইক থামিয়ে তিনি মনোযোগসহ কুরআন তিলাওয়াত করছেন। মনসুর জানিয়েছেন, এই ভিডিওটি সামনে আসার অনেক আগে থেকেই তিনি নিয়মিত কুরআন চর্চা করছেন। তার জীবনের এই নিষ্ঠার পেছনে রয়েছে বড় এক শোকের স্মৃতি। প্রায় তিন বছর আগে খুব অল্প সময়ের ব্যবধানে তিনি নিজের বাবা-মা ও ভাইকে হারান। প্রিয়জনদের এই বিয়োগব্যথা তাকে ইসলামের পথে আরও নিবিড়ভাবে ধাবিত করেছে। শোকের সেই সময় থেকেই তিনি পবিত্র কুরআন সম্পূর্ণ হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছেন।

ডেলিভারি রাইডারের ব্যস্ত জীবনে অধিকাংশ সময় তাকে রাস্তায় কাটাতে হয়। কুরআন পড়ার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি বাইক চালানোর সময় মোবাইলে তিলাওয়াত শোনেন এবং বিরতি পেলেই সাথে রাখা কুরআন শরিফ নিয়ে পাঠে বসে যান। কাজের ফাঁকে এই তিলাওয়াত তাকে মানসিক প্রশান্তি ও গভীর মনোযোগ ধরে রাখতে সহায়তা করে বলে তিনি জানিয়েছেন।

নিজেদের প্রয়াত মা-বাবার মাগফিরাত কামনা এবং তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনার নিয়তেই তিনি নিয়মিত কুরআন চর্চা চালিয়ে যাচ্ছেন। মনসুর বলেন, যখনই কাজের মাঝে কিছুটা সময় পান, তিলাওয়াতের মাধ্যমে তিনি নিজেকে আল্লাহর সান্নিধ্যে অনুভব করেন। প্রিয়জনদের আত্মার শান্তির জন্য তার এই নিরন্তর প্রচেষ্টা প্রবাসী ও স্থানীয় অনেকের কাছেই অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। মনসুর বলেন, ‘কাজের বিরতিতে কুরআন পড়লে তা আমাকে গভীরভাবে মনোযোগী হতে সাহায্য করে এবং মানসিকভাবে আল্লাহর কাছাকাছি অনুভব করি।

শেয়ার করুন