শনিবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মালিবাগ এলাকায় ঢাকা অভিমুখী মহাসড়কে বিপজ্জনক রাসায়নিক ও অ্যাসিডবাহী একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ড ঘটেছে। চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী যাত্রামুড়ায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসে ধ্বংসের জন্য নেওয়া হচ্ছিল রাসায়নিকের ড্রামগুলো। এগুলো দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে ছিল এবং বিশেষ নিরাপত্তাব্যবস্থায় স্থানান্তর করা হচ্ছিল।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী জানিয়েছেন, গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে, ফলে ভেতরে থাকা রাসায়নিক বা অ্যাসিডের ড্রামে আগুন ছড়াতে পারেনি। তবে ড্রামগুলো খালি ছিল নাকি ভরা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গাড়ির চালক ও হেলপার নিরাপদে রয়েছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের পর কাভার্ড ভ্যানটিকে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা পরিমাণ ক্ষতি এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস।





