১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিড-ডে মিলের খাবারে অনিয়ম রুখতে কুপন ব্যবস্থা চালুর ভাবনা

প্রকাশ:

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চলমান মিড-ডে মিল কর্মসূচিতে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি কমাতে ‘কুপন’ পদ্ধতি চালু করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। শনিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রস্তাবনা অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে দৈনিক ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেয়া হবে। এই কুপন দিয়ে শিক্ষার্থীরা স্থানীয়ভাবে তালিকাভুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে তাদের পছন্দসই খাবার সংগ্রহ করতে পারবে। কোনো শিক্ষার্থী যদি তালিকাভুক্ত ব্যবসায়ীর কাছে নিজেদের পছন্দের খাবার না পায়, তবে তারা খাবার কিনবে না এবং সেই কুপনের সমপরিমাণ অর্থ তাদের কাছেই থেকে যাবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সক্ষমতা যাচাই করেই তালিকাভুক্ত করা হবে। এই পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে, অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যপুস্তক নিয়েও কথা বলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বইয়ের মান নিশ্চিত করতে বর্তমানে পাঁচ স্তরে যাচাই-বাছাই চলছে। নিম্নমানের কাগজ ব্যবহারের দায়ে এখন পর্যন্ত ৩০ লাখ বই কেটে বিনষ্ট করা হয়েছে। কিছু প্রিন্টার্স এখনো মানহীন বই সরবরাহের চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী হুঁশিয়ারি দেন, বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পরও যদি মান খারাপ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, ৫ স্তরে বইয়ের মান যাচাই করা হচ্ছে।

শেয়ার করুন