১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের বিনিয়োগে ১০০ কোটি ডলারের তহবিল আনছে এম ক্যাপিটাল

প্রকাশ:

প্রবাসীদের অর্জিত অর্থকে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে ১০০ কোটি মার্কিন ডলারের একটি বিশেষায়িত তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে প্রতিষ্ঠানটি এই বড় উদ্যোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম শুরু করেছে। গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এই তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রবাসীদের অর্জিত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি প্রবাসী ও বিদেশি উদ্যোক্তাদের সরাসরি বাংলাদেশে এসে ব্যবসার পরিবেশ দেখার আমন্ত্রণ জানান, যাতে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আস্থা আরও সুদৃঢ় হয়।

এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, প্রবাসীদের পাঠানো অর্থকে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ১০০ কোটি ডলারের এই কাঠামোর অধীনে তিনটি পৃথক ফান্ড গঠন করা হবে, যার মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড। প্রতিটি ফান্ড দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পরিচালিত হবে। স্বচ্ছতা নিশ্চিতে থাকবে স্বাধীন উপদেষ্টাদের তদারকি এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে দুই বছরের লক-ইন সময় নির্ধারণ করা হয়েছে।

বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের এই বিনিয়োগ কার্যক্রমে যুক্ত করতে প্রায় ১০০টি প্রধান শহরে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে এম ক্যাপিটাল। ঢাকার বনানীতে অবস্থিত এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো প্রবাসীদের সঞ্চিত অর্থ ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর বিনিয়োগের কেন্দ্রে রূপান্তর করা। ড. আহসান এইচ মনসুরের ভাষায়, ‘ডাকছে বাংলাদেশ’ কেবল একটি স্লোগান নয়, বরং এটি দেশে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের সূচনার একটি উদ্যোগ।

শেয়ার করুন