১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’ প্রকাশ

প্রকাশ:

ভালোবাসা থাকা সত্ত্বেও দুজনের পথ আলাদা হয়ে যায়, কাছাকাছি থেকেও ভিন্ন পথে বয়ে চলে জীবন। এমনই এক অপূর্ণ ভালোবাসার গল্প নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’।

সেমিক্ল্যাসিক্যাল ঘরানার এই গানটিতে বিরহ এবং না-বলা কথার অনুভূতি প্রকাশ পেয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিশিয়াল চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

কোক স্টুডিও বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘মথুরা’ এমন এক অনুভূতির গান, যেখানে গল্পের সমাপ্তি ঘটলেও তার রেশ থেকে যায়। জীবনের পথ ভিন্ন হলেও কিছু ভালোবাসা মনের গভীরে বেঁচে থাকে, গানটি সেই অনুভূতিকেই সুরে তুলে ধরেছে।

রাধা-কৃষ্ণ, লায়লা-মজনু বা রোমিও-জুলিয়েটের মতো অপূর্ণ ভালোবাসার গল্পগুলো মানুষের মনে যেভাবে স্থান করে নিয়েছে, ‘মথুরা’য় সেই চেনা আকুলতাই নতুন করে ধরা দিয়েছে। যে সম্পর্কের শেষটা একসঙ্গে হয় না, তার স্মৃতিও কখনো কখনো দীর্ঘকাল থেকে যায়।

গানটির কথা ও সুর করেছেন অংকন কুমার রায়, এবং তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। শুভেন্দু দাস শুভ এই গানের সংগীত আয়োজন করেছেন। তাঁদের কণ্ঠ ও সংগীতায়োজনে বিচ্ছেদের কষ্ট, মনের কথা বলতে না পারার আক্ষেপ এবং হারিয়ে না যাওয়া ভালোবাসার অনুভূতি সুন্দরভাবে ফুটে উঠেছে।

শেয়ার করুন