শাহজালাল মাজারে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক ব্যক্তির চিঠি

প্রকাশ:

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে এবার একটি ব্যতিক্রমী চিঠি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দরগাহ মসজিদের বারান্দায় রাখা ডেগ ও দানবাক্সগুলো খোলার সময় কর্মকর্তাদের নজরে আসে এই চিঠিটি। সিন্দুক থেকে টাকা গণনার সময় এটি পাওয়া যায়।

মোহাম্মদ জুবায়ের আহমদ নামে এক ব্যক্তি চিঠিটি লিখেছেন। চিঠির শুরুতে তিনি সংশয় প্রকাশ করে লেখেন যে, চিঠিটি আদৌ প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কি না তা তিনি জানেন না। চিঠিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেখক উল্লেখ করেন, সাধারণ মানুষ একটি নিরাপদ, শান্ত ও সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু দেশে প্রতিনিয়ত ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ ঘটলেও দৃষ্টান্তমূলক বিচারের অভাবে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে।

চিঠিতে রামিসা, আছিয়া ও হাদীর মতো আলোচিত ঘটনাগুলোর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করে দ্রুততম সময়ে রায় নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এছাড়া দেশে মাদকের ভয়াবহ বিস্তার নিয়েও লেখক তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, মাদকের সঙ্গে জড়িতদের হাত অনেক বড়, না হলে তারা থানা ম্যানেজ করে কীভাবে? লেখকের মতে, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত। তবে চিঠির লেখক মোহাম্মদ জুবায়ের আহমদের বিস্তারিত পরিচয় বা তিনি কখন দানবাক্সে চিঠিটি ফেলেছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাজারের ডেগ ও দানবাক্সগুলো খোলা হয়। এবার ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা ও সোনা-সদৃশ ধাতব বস্তু এবং একটি গরু ও ৬৫টি ছাগল মাজারে দান হিসেবে পাওয়া গেছে।

শেয়ার করুন