২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ ও কঠোর নির্দেশনা

প্রকাশ:

ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই ক্ষোভ জানান। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানিয়েছেন, দেশে সহজেই পাওয়া যায় এমন পণ্য বিদেশ থেকে আমদানি না করার বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় সরকারি কর্মকর্তাদের সম্মানী গ্রহণের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে? তিনি আরও স্পষ্ট করে বলেন, এসব সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের কাজেরই অংশ, তাই এর জন্য আলাদা সম্মানী নেওয়ার প্রয়োজন নেই। এটি আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে।

একই সভায় প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি এ ধরনের বিদেশ ভ্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া ওই কর্মকর্তা।

শেয়ার করুন