বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ। সাংবাদিকদের স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং অসত্য তথ্য পরিহার করাই সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায়।
বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাসসের ৪০ জন মফস্বল সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান এবং সঞ্চালনা করেন পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। অনুষ্ঠানে ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা হলো তথ্য সংগ্রহ করে তা প্রচারের একটি প্রক্রিয়া, যেখানে তথ্যের সঠিকতা ও নির্ভুলতা যাচাই করা সাংবাদিকের প্রধান কাজ। তিনি বলেন, সাংবাদিকদের উদ্দেশ্য হলো জনগণকে দেশের ও বিশ্বের সঠিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ক্ষমতাধরদের জবাবদিহির আওতায় আনা এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করা। সত্যের আরাধনা করাই সাংবাদিকতার মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতায় সত্য ও মিথ্যার সংমিশ্রণ চলে না; সাদাকে সাদা এবং কালোকে কালো বলেই তুলে ধরতে হয়।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একজন সাংবাদিককে সমাজে গ্রহণযোগ্য করে তোলে। ভালো সাংবাদিক হওয়ার জন্য নিয়মিত বই ও পত্রিকা পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জানার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, কোনো অবস্থাতেই দলদাসে পরিণত হওয়া যাবে না। তিনি সংবাদপত্রকে ‘জনগণের সংসদ’ হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দেন এবং দেশের ১৮ কোটি মানুষ সেই পরীক্ষার খাতা মূল্যায়ন করেন। তাই সাংবাদিকদের দায়িত্ববোধ অনেক বেশি।
অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, এটি টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ের মতো। এখানে ব্রেকিং নিউজ এবং ফলো-আপ বা বিশ্লেষণের মাধ্যমে প্রথম থেকেই পাওয়ার প্লেতে ভালো রান করা জরুরি। সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘সবার আগে সঠিক সংবাদ’ এই নীতি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সংবাদ দিতে গিয়ে মিথ্যা বা অর্ধসত্য তথ্য দেওয়া যাবে না।





