১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রকাশ:

নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শিউলী রানী বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রান্নাঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় শিউলী রানী গুরুতর দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

প্রতিবেশী কাজল চন্দ্র দাস জানিয়েছেন, আগুনে মিন্টু বিশ্বাসের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং শিউলী রানীর শরীরের প্রায় সম্পূর্ণ অংশই পুড়ে গিয়েছিল। বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শেয়ার করুন