৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শচীনকে টপকে দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ারের বিশ্বরেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর

প্রকাশ:

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে তিনি ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে এই মাইলফলক স্পর্শ করেন।

টেলরের ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি এখন ২২ বছর চার মাসে দাঁড়িয়েছে। এর আগে ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর তিন মাস ওয়ানডে ক্রিকেট খেলে এই তালিকার শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার। তবে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ১৮,৪২৬ রান এবং সর্বাধিক ৪৬৩ ম্যাচ খেলার রেকর্ড নিয়ে শচীনের শ্রেষ্ঠত্ব এখনো অটুট রয়েছে।

৪০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার ব্রেন্ডন টেলর ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এবং ধীরে ধীরে জিম্বাবুয়ে দলের নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হন। ২০২১ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে দুর্নীতিবিরোধী ও মাদকবিরোধী কোড ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে তিনি পুনরায় মাঠে ফেরেন। মূলত ২০২৭ সালে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই তার এই প্রত্যাবর্তন।

শেয়ার করুন