সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি এই শুভেচ্ছা ও অভিনন্দনপত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা জানানোর অনুরোধ করেন।
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দু’দেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, কমনওয়েলথ শিক্ষাবৃত্তি বৃদ্ধি এবং শিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের বন্ধন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়া কমনওয়েলথের সদস্য হিসেবে বাংলাদেশ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
দেশের গণতান্ত্রিক ধারার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এ ধারা শক্তিশালী করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন।
বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ব্রিটিশ হাইকমিশনার জানান, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ তৈরি পোশাকসহ প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্যের ক্ষেত্রে যুক্তরাজ্যের বাজারে আরও তিন বছর শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি একে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া জলবায়ু ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগের বিষয়ে হাইকমিশনার রাষ্ট্রপতিকে অবহিত করলে তিনি এ উদ্যোগের প্রশংসা করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





