ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন আবু তৈয়ব হাবিলদার নামের এক প্রাক্তন শিক্ষার্থী। সোমবার বেলা আড়াইটার দিকে সংগ্রহশালায় গিয়ে তিনি ছবিগুলো ছিঁড়ে ফেলেন। আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং সর্বশেষ ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ছবিগুলো ছিঁড়ে ফেলার বিষয়ে আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিলেন, তাই তিনি ডাকসুতে স্থান পেতে পারেন না। তিনি আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহসহ বিতর্কিত ব্যক্তিদের প্রতিষ্ঠার চেষ্টা করছে শিবির। তিনি বলেন, জিন্নাহর মতো কোনো ভিলেন বা গোলাম আজম-নিজামীর মতো ব্যক্তিরা আমাদের নায়ক হতে পারেন না এবং তাদের নায়ক হতে দেওয়া হবে না।
ডাকসু কর্তৃপক্ষ সংস্কার শেষে গত রোববার সংগ্রহশালাটি পুনরায় চালু করে। সেখানে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ছবি রাখা না হলেও, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি নতুন করে যুক্ত করা হয়েছিল। এর মধ্যে একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জিন্নাহর উর্দু নিয়ে দেওয়া ঘোষণার অনুষ্ঠানের ছবি। এছাড়া ১৯৪০ সালের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি দলগত ছবি এবং ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি পেপার কাটিংও সেখানে স্থান পেয়েছিল।





