দেশের কৃষিখাত নিয়ে কাজ করা সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম’ (বিএআরএফ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে আয়োজিত বিএআরএফ-এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি নির্বাচন করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর এবং কালবেলার ইউসুফ আরেফিনের সমন্বয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করেন।
নতুন কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—সহ-সভাপতি চপল মাহমুদ (আমাদের সময়), যুগ্ম সম্পাদক ফেরদৌস রহমান (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন (জাগোনিউজ), অর্থ সম্পাদক নুরে আলম (যায়যায়দিন), দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ (প্রতিদিনের বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক সাইফুল মাসুম (আজকের পত্রিকা)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), মুন্না রায়হান (ইত্তেফাক), ফয়জুল সিদ্দিকী (স্টার নিউজ), জাহিদুর রহমান (সমকাল) এবং শাফিউল আল ইমরান (ডেসটিনি)।
এর আগে দুপুরে বিদায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন বিগত সেশনের দ্বি-বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন পেশ করেন, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সাধারণ সভার সমাপনী পর্বে কেক কাটার মাধ্যমে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত সদস্যরা।





