বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এল বড় সুখবর। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে পুরস্কার জিতেছে নির্মাতা রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে এটি নতুন এক ইতিহাস তৈরি করল।
শুক্রবার রাতে বাংলাদেশ সময় প্রায় ১১টার দিকে সিনেমাটির নির্মাতা রুবাইয়াত হোসনের হাতে ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস প্রেমিও বিসাতো দওরো’ পুরস্কার তুলে দেওয়া হয়। ভেনিসের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগ থেকে সিনেমাটিকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুবাইয়াত হোসন বলেন, ভেনিসের মতো গুরুত্বপূর্ণ উৎসবে বিশ্বের বিভিন্ন সিনেমার মধ্য থেকে তার চলচ্চিত্রকে বেছে নেওয়া অত্যন্ত সম্মানের বিষয়। এই অর্জন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও বেশ তাৎপর্যপূর্ণ।
নারীর শরীর, আত্মপরিচয় ও নিজের শরীরকে নিয়ন্ত্রণের অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতার ভাষ্যমতে, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে শেখে এবং কখনো কখনো সেই শরীরকেই ভয় পেতে শুরু করে—এমন মনস্তাত্ত্বিক ভাবনা থেকেই চলচ্চিত্রটির গল্পের সূত্রপাত।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। এছাড়া অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।
গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ভেনিসের পাশাপাশি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। আগামী ১২ সেপ্টেম্বর ভেনিস উৎসবের অফিসিয়াল বিভাগে মূল পুরস্কার ঘোষণা হওয়ার কথা রয়েছে।





