ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

প্রকাশ:

ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বর্তমান সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সরকারদলীয় অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তির আওতায় বন্ধুরাষ্ট্রের জাহাজ চলাচল এবং ওই চুক্তি বাতিলের সম্ভাবনা সংক্রান্ত প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, ভারতের সঙ্গে করা সব চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। তিনি আরও বলেন, এই পর্যালোচনার ফলাফল শিগগিরই দেশবাসীকে জানানো হবে।

সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পর্কে নূরুল ইসলাম মনি জানান, অধিবেশনটি নয় কার্যদিবস চলেছে। এই সময়ের মধ্যে ছয়টি বিল উত্থাপন ও পাস হয়েছে। এছাড়া বিভিন্ন বিধিতে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী নিজে ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সংসদের অধিবেশন বসার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এবং আগামী অধিবেশনও একই ধারায় অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন