নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে তিন বিভাগেই হতাশাজনক পারফরম্যান্সের কারণে বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ১৫ ওভার পর্যন্ত কিছুটা চাপে থাকলেও শেষদিকে রানের গতি বাড়ায়। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৯৬ রান। তবে বাংলাদেশের ফিল্ডিংয়ের দুর্বলতায় শেষ পাঁচ ওভারে ৫৩ রান যোগ করে ভারত ৬ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। ভারতের ওপেনার শেফালি ভার্মা একাধিক জীবন পেয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া শেষদিকে হারমানপ্রীত কৌর অপরাজিত ২৪, রিচা ঘোষ ২১ এবং দীপ্তি শর্মা অপরাজিত ১৩ রান করেন। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ৩০ রানে ২ উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশের ব্যাটিং। ব্যাটারদের মধ্যে লক্ষ্য তাড়া করার চেয়ে বড় ব্যবধানে হার এড়ানোর প্রবণতা বেশি দেখা গেছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে পাঁচ নম্বরে নেমে শোরনা আক্তার সর্বোচ্চ অপরাজিত ২২ রান করেন। এছাড়া দিলারা আক্তার ২১, নিগার সুলতানা জ্যোতি ১৯, সোবহানা মোস্তারি ১৮ ও জুয়ারাইয়া ফেরদৌস ১৪ রান করেন। এশিয়া কাপে অধিনায়ক জ্যোতির পারফরম্যান্স ছিল হতাশাজনক, চার ম্যাচে তার মোট সংগ্রহ মাত্র ৫৬ রান। ভারতের হয়ে দীপ্তি শর্মা ২৬ রানে ৩ উইকেট এবং নন্দিনী শর্মা ২ উইকেট নেন।
এই হারের ফলে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের টানা নবম পরাজয় নিশ্চিত হলো। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। গত আসরের সেমিফাইনালেও বাংলাদেশের হারের কারণ ছিল ভারত। সাতবারের চ্যাম্পিয়ন ভারত আগামী রোববার ফাইনালে শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের মুখোমুখি হবে।
২০২৪ সালে শ্রীলঙ্কার কাছে শিরোপা হারানো ভারত এবার তা পুনরুদ্ধারের লক্ষ্যেই মাঠে নামবে।





