আইনে বাধা নেই এমন সবাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

প্রকাশ:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল কোনো মুখ্য বিষয় নয়। তিনি স্পষ্ট করেছেন যে, আইনে যাদের কোনো বাধা নেই এবং যারা যোগ্য, তারা সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনের দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনের কমিটমেন্টে কোনো ঘাটতি নেই। তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, তারা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রত্যাশা ব্যক্ত করে সিইসি জানান, নির্বাচনের দায়িত্ব পালনকারীদের প্রশিক্ষণের জন্য তিনি আইজিপিকে অনুরোধ করেছিলেন এবং আইজিপি মহোদয় প্রায় দুই সপ্তাহের মধ্যেই এই কার্যক্রম শুরু করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা বলে তিনি উল্লেখ করেন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও একই মানে সম্পন্ন করার ওপর তিনি জোর দেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গত আগস্টের পরবর্তী পরিস্থিতি জাতীয় নির্বাচনের সময়ের চেয়ে খারাপ নয়, বরং আরও উন্নত হয়েছে। পুলিশের সক্ষমতার ওপর তার আস্থা রয়েছে এবং আইজিপিও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে তিনি জানান।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এ বিষয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আইনে যারা যোগ্য হবেন, তারাই তা জমা দিতে পারবেন। আইনে সব বিষয় স্পষ্ট করা আছে। যারা আইনে বাধার কারণে অযোগ্য হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। যারা যোগ্য হবেন, তাদের মনোনয়ন বৈধ হবে।

শেয়ার করুন