চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হলের সামনে ব্যানার টাঙানোর কাজ করছিলেন আরিফ। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে চলে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি বেশ কিছুক্ষণ ওপরেই ঝুলে ছিলেন। পরে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিনি নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় উপস্থিত সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আরিফের মৃত্যুর এই খবরে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর খাগড়াছড়িতে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন