চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে নিজের বিভাগের একটি ব্যানার টাঙাতে যান আরিফুল। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সেখানেই ঝুলে থাকেন। তাৎক্ষণিকভাবে পুরো হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও প্রশাসন দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, অ্যাম্বুলেন্স থেকে ফোন পাওয়ার পর তিনি বিষয়টি অবগত হন। ঘটনার সময় রাত ১০টা বেজে কয়েক মিনিট হবে, যখন অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়। অ্যাম্বুলেন্স তৈরিই ছিল এবং আসার সাথে সাথেই ব্যবস্থা নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তবে গাড়ির লোকজনের বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





