বোলারদের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রকাশ:

আরেকবার ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ার পরও বোলারদের দারুণ নৈপুণ্যে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০১৮ সালের চ্যাম্পিয়নরা ৩৪ রানের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। বি গ্রুপের রানার্সআপ হিসেবে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।

এদিন ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩৮ রান আসে শারমিনের ব্যাট থেকে, যা তিনি ৩১ বলে সংগ্রহ করেন। এছাড়া নিগার সুলতানা ২৩ রান এবং নাহিদা আক্তার ১৬ রান যোগ করেন।

ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে আগের ম্যাচের মতোই মারুফা আক্তার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলেন। ইনিংসের চতুর্থ ওভারে আমিরাত অধিনায়ক ইশা ওঝা এবং পঞ্চম ওভারে সামাইরা ধারনিধারকাকে ফিরিয়ে তিনি দুর্দান্ত সূচনা এনে দেন। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ১৫ রান তুলতে পারে আমিরাত।

পাওয়ার প্লের পরও বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন। দলীয় ২২ রানে রাবেয়া খাতুন রিনিথা রাজিথকে আউট করেন। এরপর সুলতানা খাতুন ১১ রান করা তীর্থ সাথিসকে ফিরিয়ে ১৪ রানের জুটি ভাঙেন। এর দুই রান পরেই নাহিদা আক্তার লাবন্য কেনিকে সাজঘরে ফেরান। দলীয় ৫৬ রানে হেনা ১৮ রান করে আউট হওয়ার পর আমিরাত ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়।

অধিনায়ক জ্যোতি পুরো ম্যাচে বোলারদের দারুণভাবে কাজে লাগিয়েছেন। মারুফা আক্তার তার ৪ ওভারের কোটা শেষ ১০ ওভারের মধ্যেই পূর্ণ করেন, যেখানে তিনি মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া রাবেয়া খাতুন ১৪ রান দিয়ে ৩ উইকেট এবং নাহিদা আক্তার ২ উইকেট শিকার করেন।

শেয়ার করুন