প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২২। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, মো. আব্দুল মান্নানকে বর্তমান পদ থেকে বদলি করে প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৭ মে থেকে মো. আব্দুল মান্নান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সংস্থাটির চেয়ারম্যান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন।





