সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিএসটিআই কর্মকর্তা শেখ মিশা

প্রকাশ:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা অফিসের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন (২৫) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোববার সকাল ১১টার দিকে খুলনা থেকে ঢাকায় আসার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোকাহত।

নিহত শেখ মিশা খাতুনের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ২০২৫ সালে বিএসটিআইতে পরীক্ষক হিসেবে যোগদান করেছিলেন। মেধাবী ও সম্ভাবনাময় এই তরুণীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

এক শোকবার্তায় মহাপরিচালক বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন