নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই এবং বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
ছাত্রশিবিরের নওগাঁ জেলা সভাপতি আজফারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিবির যোগ্য মানুষ তৈরির কারিগর। তিনি মেধাবী শিক্ষার্থীদের দেশের উন্নয়নে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গার্ডিয়ান পাবলিকেশন্সের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং শিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভমিতা রায় বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা পড়াশোনায় নতুন উৎসাহ পেয়েছি। নিয়মিত এমন গাইডলাইনমূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে। রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মাহিদ জানান, শিবিরের পক্ষ থেকে পাওয়া দিকনির্দেশনা তার ভবিষ্যৎ পথচলায় ভূমিকা রাখবে।
জেলা শিবির সভাপতি আজফারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য আগে থেকেই ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ছয়শ’র বেশি শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের উন্নয়ন ও ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা নিয়ে কাজ করার অংশ হিসেবেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।





