সাভারে মাদ্রাসায় শিশু ধর্ষণ: শিক্ষক ও ছাত্রসহ গ্রেপ্তার ৫

প্রকাশ:

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে দীর্ঘ ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান গ্রেপ্তার ও মামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, পুলিশের একাধিক দল সাভার মডেল থানা, আশুলিয়া থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে ভোলা, বরগুনা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন শিক্ষক হলেন জাবের হোসেন (২১) ও মো. কামরুল ইসলাম (২৬)। অপর তিনজন ওই মাদ্রাসারই ছাত্র, যাদের বয়স ১২, ১৩ ও ১৫ বছর। পুলিশের তথ্যমতে, তিন কিশোর ও শিক্ষক জাবের হোসেনের বিরুদ্ধে শিশুটিকে সরাসরি ধর্ষণের অভিযোগ রয়েছে। এছাড়া, শিক্ষক কামরুল ইসলামের বিরুদ্ধে শিশুটিকে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, কারণ শিশুটি ঘটনাটি বাড়িতে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কয়েকজন পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান জানান, মামলাটিকে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ২৩ আগস্ট ভুক্তভোগী শিশুটির বাবা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা করার আবেদন করেন। বিচারক মাসরুর সালেকীন আবেদনটি আমলে নিয়ে সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার এজাহার অনুযায়ী, সাভারের পূর্ব শাহবাগ এলাকার ওই মাদ্রাসায় শিশুটিকে নিয়মিত ধর্ষণ ও নির্যাতন করা হতো এবং বিষয়টি গোপন রাখতে তাকে মারধর ও হুমকি দেওয়া হয়েছিল। মামলার আরজিতে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী, চার শিক্ষক ও পরিচালকসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন