জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো টালবাহানা করা যাবে না। শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ হওয়ার সময় থেকেই কুমিল্লাকে বিভাগ করার দাবি উঠেছিল। কিন্তু তখন সিলেট বিভাগ হলেও কুমিল্লা বঞ্চিত হয়। তিনি বর্তমান সরকারের উদ্দেশে বলেন, কুমিল্লা বিভাগ দিন এবং এর বাস্তবায়ন নিশ্চিত করুন। এছাড়া নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন, তাদের দাবিও বিবেচনা করা উচিত। তবে ১৯৯৪ সাল থেকে দাবি থাকায় কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি আরও বলেন, খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লায়—এই অজুহাতে কুমিল্লার প্রতি বিরাগ দেখানো বা নাম নিয়ে বাড়াবাড়ি করা নাগরিকদের অপমান করার শামিল।
কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, এখানে একটি ইপিজেড রয়েছে এবং বিমানবন্দরটি যাচাই-বাছাই করে চালু করার উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে আগে বিভাগ বাস্তবায়ন করতে হবে, যাতে কুমিল্লার মানুষ প্রশাসনিক কাজের জন্য চট্টগ্রামে না গিয়ে এখানেই সেবা পেতে পারে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব ঠিক না রেখে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে না থেকে, আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন এবং যুবসমাজকে রক্ষা করুন। তিনি আরও বলেন, মানুষ বিদ্যুৎ, গ্যাস, সারসংকট এবং চাঁদাবাজি থেকে মুক্তি চায় বলেই তারা রাস্তায় নেমেছে।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পাটির চেয়ারম্যান মজিবুর রহমান মন্ঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ অন্যরা।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না। এসব সমস্যার সমাধান চান বলেই আমরা রাস্তায় নেমেছি।’’
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।





