সংসদে বিরোধী দলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী এ্যানি

প্রকাশ:

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন যে, বিরোধী দল সংসদে মার্জিত ভাষায় কথা বললেও বাইরে তারা স্বাধীনতার সময়কার অর্থাৎ ৭১-এর মতো উগ্র রূপ ধারণ করে। শনিবার বিকেলে লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র‍্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপির ব্যানারে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

মন্ত্রী বলেন, যারা গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা বলে লংমার্চ করছেন, তাদের এই কর্মকাণ্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। শপথ গ্রহণের পর থেকে গত ছয় মাস ধরে তারা নিয়মিত আন্দোলনের হুমকি ও কর্মসূচি দিয়ে আসছেন। কিন্তু সংসদের ভেতরে তাদের বক্তব্য এবং বাইরের আচরণ সম্পূর্ণ বিপরীত। বিশেষ করে জামায়াতের আমির শফিকুর রহমানের সমালোচনা করে তিনি বলেন, সংসদে তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে গালিগালাজের বিচার চেয়েছেন। অথচ এর আগে যখন কেউ জিয়া পরিবারকে নিয়ে অশ্লীল ও অশালীন মন্তব্য করেছে, তখন বিরোধী দলের নেতারা তাদের বারণ করেননি। রাজনৈতিক শিষ্টাচারের অভাব থেকেই তারা ফ্যাসিবাদের মতো আচরণ করছেন বলে মন্ত্রী অভিযোগ করেন।

সিফাতকে গ্রেপ্তারের বিষয়েও তিনি শফিকুর রহমানের অবস্থানের সমালোচনা করে বলেন, সংসদে তিনি এক কথা বললেও লংমার্চে অন্য সুর শোনাচ্ছেন। বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে তিনি বলেন, একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন। তুষের আগুনের মতো জ্বলতে থাকা এই সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া বা লোডশেডিং দূর করতে সময়ের প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির আগে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজে হাত দিলে পরিস্থিতি হয়তো সহজ হতো। বাস্তবতা হলো, ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয় এবং এর জন্য আরও সময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনসহ আরও অনেকে।

শেয়ার করুন