রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার

প্রকাশ:

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৩৬ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযান পরিচালনার সময় পুলিশ একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি বুপ্রেনরফিন ইনজেকশন। অভিযানে ১ হাজার ৫৪০ টাকা এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন