রাজধানীর শাহবাগে নোয়াখালী জেলাকে প্রশাসনিক বিভাগ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে ‘চকবাজার স্টাফ সমিতি’ নামক একটি সংগঠনের উদ্যোগে এই মিছিলটি বের করা হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৪টার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। সেখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরেন। প্রায় ঘণ্টা খানেক শাহবাগ মোড়ে অবস্থানের পর আন্দোলনকারীরা সেখান থেকে সরে যান। এই বিক্ষোভের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।





