শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগে সাড়ে ১৬ হাজার মাছ নিধন

প্রকাশ:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মাছচাষি বাহারম বাদশাহ্ দাবি করেছেন, এই ঘটনায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাহারম বাদশাহ্ ওই গ্রামের মেডিকেল মোড় এলাকার আফাজ উদ্দিনের ছেলে এবং তিনি একই গ্রামের মো. আমিনের মালিকানাধীন পুকুরটি ভাড়া নিয়ে মৎস্য চাষ করছিলেন।

ভুক্তভোগী চাষি জানান, গত বুধবার বিকেলে তিনি পুকুরের মাছকে খাবার দিয়েছিলেন। পরদিন বৃহস্পতিবার সকালে পুকুরের মালিক আমিন তাকে মাছ মরে ভেসে ওঠার খবর দেন। শুরুতে তিনি ধারণা করেছিলেন পানিতে অক্সিজেন বা গ্যাসের সংকটের কারণে মাছ মারা যাচ্ছে, তাই তিনি অক্সিজেন বাড়ানোর চেষ্টা করেন এবং ওষুধ প্রয়োগ করেন। তবে তাতে কোনো ফল পাওয়া যায়নি। প্রথম দিকে ৫ থেকে ৭ হাজার মাছ ভেসে উঠলেও বৃহস্পতিবার মাছের মৃত্যুর হার বাড়তে থাকে এবং শুক্রবার সকাল পর্যন্ত পুকুরের প্রায় সব মাছ মরে ভেসে ওঠে।

বাহারম বাদশাহ্ জানান, পুকুরে আগে থেকেই প্রায় ৩ হাজার মাছ ছিল এবং পরবর্তীতে আরও সাড়ে ১৩ হাজার পাঙ্গাস মাছের পোনা ছাড়া হয়েছিল। প্রতিটি পাঙ্গাসের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রামে পৌঁছেছিল এবং আগামী দুই মাস পর মাছগুলো বিক্রি করে ৩০ লাখ টাকার বেশি পাওয়ার আশা ছিল। এ পর্যন্ত মাছ চাষে তার প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। এখন তার পুরো পুঁজি নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে চরম হতাশায় রয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে কোনো অজ্ঞাত দুর্বৃত্ত পুকুরে বিষ প্রয়োগ করে এই মাছ নিধন করেছে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি, জানালে মাছের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যেত। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন