সিলেটের হাসপাতাল দালালমুক্ত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, সাত দিনের সময়সীমা

প্রকাশ:

দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নির্দেশনার কথা জানান।

সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো ধরনের ভুলভ্রান্তি বা সমস্যা থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। সিলেটে বিদ্যমান যেকোনো সমস্যা আগামী সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু করা হবে এবং হাসপাতালগুলো সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণেও বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে টিকা না পাওয়া শিশুদের মধ্যেই হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আবারও টিকাদান কর্মসূচি জোরদার করছে।

মন্ত্রী জানান, প্রতি তিন মাসের ব্যবধানে হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। এই ক্যাম্পেইন চলতি মাসের শেষ দিক থেকে নতুন করে শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৪

শেয়ার করুন