কুমিল্লা মেডিকেল হাসপাতালের শৌচাগারের বেহাল দশা দেখে ক্ষুব্ধ মন্ত্রী

প্রকাশ:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এর শৌচাগারগুলোর অস্বাস্থ্যকর অবস্থা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গত মঙ্গলবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদানের আগে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার সময় তিনি শৌচাগারের এই বেহাল দশা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে ডেকে মন্ত্রী শৌচাগারগুলোর এমন অবস্থার কারণ জানতে চান। ভারপ্রাপ্ত পরিচালক নিয়মিত পরিষ্কারের কথা বললেও দীর্ঘদিনের দাগ পুরোপুরি দূর করা সম্ভব হয় না বলে জানান। এই জবাবে ক্ষুব্ধ মন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'আপনি সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব এই মুহূর্তে। যদি ক্লিন হয়, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব—কেন আপনাদের এই অবস্থা? আই ওয়ান্ট টু ক্লিন রাইট নাও।' তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালের ৪০ থেকে ৬০ শতাংশ শৌচাগার ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন উর রশিদ সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের পর আয়োজিত সভায় তিনি হাসপাতালের সার্বিক উন্নয়ন ও রোগীদের কল্যাণে সাতটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত জানান। কমিটিগুলোর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা, প্রশাসনিক শৃঙ্খলা, জরুরি বিভাগ, ফার্মেসি নিয়ন্ত্রণ, খাদ্য, দালাল প্রতিরোধ ও অ্যাম্বুলেন্স শৃঙ্খলা এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা তদারকি কমিটি।

সভায় মন্ত্রী বলেন, 'আপনারা আমাকে একটু সময় দেন। শিগগিরই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করা হবে ইনশা আল্লাহ।' তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল অসহায় মানুষদের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ সময় তিনি একটি পরিচ্ছন্ন, দালালমুক্ত ও মানবিক হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে কমিটির সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। কৃষি মন্ত্রীর এই পরিদর্শনের একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন