আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বড় ধরনের পথসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লার হোটেল নূরজাহানে আয়োজিত এক মতবিনিময় সভায় লংমার্চের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
সভায় জানানো হয়, লংমার্চ ও পথসভা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। মহাসড়কে যানজট এড়াতে পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে এরই মধ্যে অবহিত করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ সভায় লিখিত বক্তব্যে বলেন, জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছয় দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সঙ্কট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। একই দিন দুপুর ১২টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড সংলগ্ন হোটেল নূরজাহান মাঠে আয়োজিত পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।
মতবিনিময় সভায় জামায়াত, খেলাফত মজলিশ, এনসিপি, এবি পার্টি ও জাগপাসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার অন্যান্যদের মধ্যে অধ্যাপক আব্দুল মতিন, ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ মাহবুবর রহমান, মাওলানা সোলাইমান, মিয়া মোহাম্মদ তোফিক, নাজমুল হাসান পঞ্চায়েত, কামারুজ্জামান সোহেল, মোশাররফ হোসাইন, মাসুমুল বারী কায়সার, জিএম সামদানি, নজরুল ইসলাম সেলিম ও মাওলানা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।





