নীতিমালা নয়, নৈতিক শিক্ষায় মানসম্মত সাংবাদিকতা: আন্দালিব রহমান পার্থ

প্রকাশ:

কেবল নীতিমালা তৈরি করলেই সাংবাদিকদের কাজের গুণগত মানের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, দক্ষ ও মানসম্মত সাংবাদিক গড়ে তোলার জন্য নৈতিক শিক্ষা ও দায়িত্ববোধের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের তিনি স্মরণ করিয়ে দেন যে, তাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে যেন রাষ্ট্র, জনগণ এবং সমাজের প্রকৃত কল্যাণ সাধিত হয়। একই সঙ্গে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় খেয়াল রাখতে হবে যেন কোনো ব্যক্তি তাদের প্রতিবেদনের কারণে অযথা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

পেশাগত উন্নয়ন ও কল্যাণের বিষয়ে মন্ত্রী জানান, সাংবাদিকদের কল্যাণে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুত আলোচনার আশ্বাস দেন।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্তরের প্রশাসন ও রাজনীতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ছাড়াও বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতা এবং সাংবাদিকদের কল্যাণে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন