দক্ষিণ লেবাননের পাইলট জোন থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল

প্রকাশ:

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি নিরাপত্তা কাঠামোর আওতায় আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণ লেবাননের একটি ‘পাইলট জোন’ থেকে সেনা প্রত্যাহার শুরু করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। অ্যাক্সিওস-এর প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের এই সেনা প্রত্যাহার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে, যদিও রোমে ইসরায়েলের সঙ্গে নতুন দফা বৈঠকে অংশ নিতে লেবানন অস্বীকৃতি জানিয়েছে। বর্তমানে আরও কয়েকটি পাইলট জোন তৈরির প্রস্তুতিও চলছে।

মার্কিন ওই কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই প্রক্রিয়ায় উভয় পক্ষের সঙ্গে সমন্বয় সাধন করছে। আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় পাইলট জোনগুলোতে এবং পুরো লেবাননে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াশিংটন কাজ করে যাচ্ছে। গত ২৬ জুন গৃহীত এই কাঠামো অনুযায়ী, ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হবে। এর পরিবর্তে সেখানে লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার উদ্যোগ নেওয়া হবে।

তবে হিজবুল্লাহ এবং লেবাননের বেশ কয়েকটি রাজনৈতিক দল এই পরিকল্পনার বিরোধিতা করেছে। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত পরবর্তী ধাপের সেনা প্রত্যাহার করা হবে না। এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলমান থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, গোলাবর্ষণ ও অভিযানের খবর পাওয়া যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত চলমান এই সংঘাতময় পরিস্থিতিতে দেশটিতে ৪ হাজার ৩২১ জন নিহত এবং ১২ হাজার ২০৪ জন আহত হয়েছেন।

শেয়ার করুন