গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুর্ঘটনাগুলো সংঘটিত হয়।
সাদুল্লাপুরের ঘটনায় নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা এবং সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাব বিভাগে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্লাপুর যাচ্ছিলেন। পথিমধ্যে নলডাঙ্গা থেকে আসা ফাতেমা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী নিহত হন। তার আহত ছেলেকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, সকাল ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার সাকোয়া সেতু-সংলগ্ন মাঝিপাড়া এলাকায় আল হামরা পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল বাসটি। এই সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং মাইক্রোবাসের অপর এক যাত্রী আহত হয়েছেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





