চলে গেলেন তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক

প্রকাশ:

বিশ্বের তাবলিগ জামাতের অন্যতম প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক আর নেই। বুধবার (২ সেপ্টেম্বর) তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড মারকাজসহ বিশ্ব তাবলিগ জামাতের আলমি শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বি হিসেবে দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের কাজে আত্মনিয়োগ করেছিলেন। পারিবারিকভাবেই তিনি তাবলিগের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাবা পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশির সাহেব বাংলাদেশের তাবলিগের মেহনত এগিয়ে নিতেও ভূমিকা রেখেছিলেন। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, তাঁর বাবা তাঁকে দ্বীনের কাজের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন।

মাওলানা এহসানুল হক তাঁর শিক্ষাজীবনে ভারতের সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় অধ্যয়ন করেন। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গে সহপাঠী ছিলেন। তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন এবং দীর্ঘ সময় তাঁর খেদমতে নিয়োজিত ছিলেন। ছাত্রজীবনেই তাঁর ইলমি ও রুহানি যোগ্যতায় সন্তুষ্ট হয়ে শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.) তাঁকে খেলাফত প্রদান করেন।

পড়াশোনা শেষ করে তৎকালীন আলেমদের তাবলিগে সময় দেওয়ার রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন। নির্ধারিত সময়ের মেহনত শেষে তিনি ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘ সময় শিক্ষকতা করেন, যেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গেও শিক্ষকতায় যুক্ত ছিলেন। মাওলানা ইউসুফ সাহেব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে স্থানান্তরিত হন এবং সেখানে ইলমি ও দাওয়াতি কাজের পাশাপাশি মারকাজের বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়াও মাওলানা ইলিয়াস (রহ.)-এর খান্দানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দীর্ঘ ইলমি জীবন ও দাওয়াতি কাজে অবদানের কারণে তিনি তাবলিগ অঙ্গনে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দাওয়াত ও তাবলিগের কাজে এক প্রবীণ মুরব্বিকে হারালেন তাঁর অনুসারীরা।

শেয়ার করুন