জাতীয় পরিবেশ মেলার স্টল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় পরিবেশ মেলা। মেলা উদ্বোধনের পর সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের স্টল এবং ফুল-ফল ও ওষুধি গাছ দিয়ে সাজানো নার্সারিগুলো পরিদর্শন করেন। প্রতিটি উদ্যোগের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন’ (সিএজেএফ)-এর স্টল পরিদর্শনের সময় সংগঠনের নির্বাহী সদস্য মুর্শিদা খানম প্রধানমন্ত্রীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী তাদের পরিবেশ সহনশীল আদর্শ গ্রাম নির্মাণের পরিকল্পনা ও সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগের কথা মন দিয়ে শোনেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাকে শিশুদের আঁকা একটি চিত্রকর্ম উপহার দেওয়া হয়। এছাড়া ‘মিশন গ্রীন বাংলাদেশ’-এর স্টলে তরুণদের তৈরি পরিবেশবান্ধব ‘কাগজের কলম’ দেখেও তিনি মুগ্ধ হন।

নার্সারি স্টল পরিদর্শনের সময় একটি নার্সারির চমৎকার সাজসজ্জা দেখে প্রধানমন্ত্রী মুগ্ধ হয়ে বলেন, ‘বাহ! আপনি তো দারুণ সাজিয়েছেন।’ তিনি জানতে চান গাছগুলো শুধু মেলা উপলক্ষে সাজানো কি না। সাভারের আশুলিয়ায় তাদের মূল নার্সারিটিও একইভাবে সাজানো—এমন তথ্য পেয়ে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

একই আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এই পদক তুলে দেন।

ব্যক্তিগত পর্যায়ে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, মো. মনির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম। প্রাতিষ্ঠানিক পর্যায়ে পদক পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

শেয়ার করুন