২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রকাশ:

জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। হিসাব অনুযায়ী, আগামী বছর পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে। তবে এই তারিখ চূড়ান্ত নয়, কারণ রমজানের শুরু ও সমাপ্তি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসেবে ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই প্রথম তারাবির নামাজ শুরু হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা প্রথম রোজা পালন করবেন।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাসের সমাপ্তিও নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে রমজানের সম্ভাব্য তারিখ আগেই নির্ধারণ করা সম্ভব হলেও, ইসলামী রীতি অনুযায়ী এর আনুষ্ঠানিক সূচনা চাঁদ দেখার সিদ্ধান্তের ওপরই নির্ভরশীল। তাই ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষই দেবে।

শেয়ার করুন