নারায়ণগঞ্জ ভূমি অফিসে হাজিরা খাতায় জালিয়াতি, প্রতিমন্ত্রীর অসন্তোষ

প্রকাশ:

নারায়ণগঞ্জের সদর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খানপুর এলাকায় অবস্থিত তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দুটি সার্কেল অফিসে গিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। তবে তাদের অনুপস্থিতির বিপরীতে হাজিরা খাতায় আগে থেকেই স্বাক্ষর করা ছিল, যা প্রতিমন্ত্রীর দৃষ্টি এড়ায়নি। এ ঘটনায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেয়া হয়ে গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও এ সময় উঠে আসে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কয়েকজন নারী কর্মকর্তা একইসাথে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি জোর দিয়ে বলেন যে, শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মরতদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

শেয়ার করুন