সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যার ফলে বাজারের অন্যান্য দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন—সোলেমান তালুকদার, হায়দার আলী, দিগেন্দ্রনাথ সরকার, সাধন কুমার সরকার, ক্ষুদিরাম সরকার, আতাউর ও আব্দুল্লাহ। ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, মালামাল ও ব্যবসায়িক সরঞ্জামসহ মোট ক্ষতির পরিমাণ ২০ থেকে ৩০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ঘটনায় তাদের দীর্ঘদিনের ব্যবসার পুঁজি পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তারা বাজারের বৈদ্যুতিক সংযোগ ও পুরোনো তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।





