স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বেয়াইয়ের সাথে সংসার, অতঃপর গ্রেফতার

প্রকাশ:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে মফিজার মোল্যাকে তার স্ত্রী ফাতেমা বেগম ও মশিয়ার রহমান বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ফাতেমা ও মশিয়ারের মধ্যে অনৈতিক সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। ঘটনার কয়েক দিন পর তারা দুজন বিয়ে করে সংসার শুরু করেছিলেন।

শনিবার রাতে নিহত মফিজার মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় এই মামলা দায়ের করেন। মামলায় তার মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার সাংবাদিকদের সামনে ফাতেমা বেগম ও মশিয়ার রহমান মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তাদের ভাষ্যমতে, গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে তারা মফিজারকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে ফাতেমা বলেন, তিনি তার স্বামীর সাথে সংসার করতে চাননি, এ কারণে মশিয়ারকে সাথে নিয়ে তিনি স্বামীকে হত্যা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, নিহতের মেয়ে বাদি হয়ে হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন