সুইজারল্যান্ডের আরগাউ ক্যান্টনের রাজধানী আরাউ শহরে একটি রেভ পার্টিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় ২২ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। রোববার রাত আড়াইটার কিছু পরে আরাউ শহরের শাখেন এলাকার ঘোড়দৌঁড়ের মাঠে আয়োজিত ‘আরাউ রেভ ভলিউম ৭’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে গুলির খবর পাওয়ার পর সশস্ত্র পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
আরগাউ ক্যান্টন পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ২২ বছর বয়সী ওই তরুণী ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে। আহতদের অবস্থা সামান্য থেকে গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহত ও আহত সবাই সুইজারল্যান্ডে বসবাস করলেও তাদের পরিচয় ও জাতীয়তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহের কাজ শুরু করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবি ও ভিডিও পুলিশের কাছে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গান বন্ধ হওয়ার পর কয়েকটি গুলির শব্দ শুনে অনেকে প্রথমে সেগুলোকে আতশবাজি ভেবে ভুল করেছিলেন। পরে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ডিজে মঞ্চ ও বিভিন্ন সরঞ্জামের আড়ালে আশ্রয় নেন। স্থানীয় এক বাসিন্দা টেলি এমওয়ানকে জানান, তিনি মেশিনের মতো গুলির শব্দ শুনেছিলেন এবং এক পর্যায়ে একটি গাড়ি থেকে নেমে একজনকে অস্ত্র তাক করতে দেখেছিলেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, তার পাশেই এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান, যাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী বা হামলাকারীরা বর্তমানে কোথায় আছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তাদের ধরতে এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে, যেখানে সশস্ত্র পুলিশের পাশাপাশি বিশেষায়িত নিরাপত্তা দল এবং একটি সুপার পুমা সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন পরীক্ষা করা হচ্ছে এবং আরাউ শহরের বিভিন্ন এলাকাতেও সশস্ত্র পুলিশকে টহল দিতে দেখা গেছে।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং প্রাথমিক তদন্তে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুলিবর্ষণের আগে কোনো বিরোধ বা সংঘর্ষ হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আরগাউ রেসিং ক্লাব নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তদন্ত চলাকালে গুজব না ছড়ানোর অনুরোধ করেছে। আরাউয়ের এই ঘটনার পর নিকটবর্তী ব্রুগ শহরের উৎসবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উৎসবের শেষ দিনের জন্য অতিরিক্ত প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে। সুইজারল্যান্ডে এমন প্রকাশ্য স্থানে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা বিরল হওয়ায় দেশজুড়ে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে এবং শাখেনের ঘোড়দৌঁড়ের মাঠসংলগ্ন এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।





