পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। ২৭ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দক্ষিণাঞ্চলের সাতটি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে তারা এই সাফল্য অর্জন করে। একই আসরে বিভাগটির শিক্ষার্থীদের দুটি দল আইটি কার্নিভাল ও প্রোগ্রামিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছে।
প্রতিযোগিতার হ্যাকাথন ইভেন্টে কুয়েট, পবিপ্রবি, খুবি, ববি, ইবি ও যবিপ্রবির মতো বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে গোবিপ্রবির 'জিএসটিইউ_নিউরোব্লিৎজ' দল। এই দলের সদস্য নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি। এছাড়া 'জেনি'ন ক্ল্যান' দলের কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক হ্যাকাথনে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
একই ইভেন্টের অংশ হিসেবে অনুষ্ঠিত 'পিএসটিইউ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (সাউথ জোন)'-এও সাফল্য পেয়েছে গোবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় 'টিম ঝালমুড়ি' দলের মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফ দ্বিতীয় স্থান অর্জন করেছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদ ও সিএসই ক্লাব যৌথভাবে হ্যাকাথন, প্রোগ্রামিং, আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও সেমিনারের আয়োজন করেছিল।
রোববার (৩০ আগস্ট) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাঁর অফিস কক্ষে বিজয়ীদের অভ্যর্থনা জানান। এ সময় সিএসই বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালি উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এ অর্জনে গর্ব প্রকাশ করে ভিসি বলেন, প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় এই সাফল্য শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে। সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি মনে করেন, এই তিনটি সাফল্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সমস্যা সমাধানের সক্ষমতার বহিঃপ্রকাশ।





