প্রকৃত শত্রুর মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

প্রকাশ:

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাকারী ‘প্রকৃত শত্রু’র মোকাবিলায় তিনি এই বিশেষ আহ্বান জানান। এক লিখিত বিবৃতিতে খামেনি উল্লেখ করেন, শত্রুরা ইরানসহ যেকোনো ইসলামি দেশে জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক পার্থক্যকে ঢাল হিসেবে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে। তার মতে, শত্রুরা ইসলামি উম্মাহর বিভাজন এবং এর শক্তি দুর্বল হওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করছে, যাতে তারা সুযোগ বুঝে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে পারে।

মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খামেনি ফিলিস্তিন পরিস্থিতির প্রসঙ্গ টেনে আনেন। তিনি প্রশ্ন রাখেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত এবং নিজেদের শক্তিকে একীভূত করত, তবে কি ফিলিস্তিনি জাতি এতটা অসহায় হতো এবং দখলদারদের এমন নিপীড়ন ও অপরাধের শিকার হতো? পারস্য উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, এই অঞ্চলের দেশ ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতো, তবে কি হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন দুর্বৃত্তরা তাদের ভূমি ও সম্পদের দিকে লোভ করার সাহস পেত?

একই সঙ্গে মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিজেদের প্রকৃত শত্রুকে চেনার এবং তাদের পরিকল্পনা বোঝার আহ্বান জানিয়েছেন মোজতাবা খামেনি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের অপরাধী শাসকগোষ্ঠী এবং ভুয়া ইহুদিবাদী সরকার এই ঐক্য ও বন্ধুত্বের ঘোর শত্রু। খামেনির ভাষ্যমতে, তারা শুধু ইসলামি প্রজাতন্ত্র ইরান বা ইসলামি প্রতিরোধ ফ্রন্টেরই শত্রু নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতিই তারা বিদ্বেষ পোষণ করে।

শেয়ার করুন