নেপালের বন্যায় বাড়িঘর ভেসে যাওয়ার দৃশ্য, বারান্দায় আটকা পড়া পরিবার

প্রকাশ:

হঠাৎ করেই চারপাশ থেকে তীব্র গতিতে ধেয়ে আসে কাদামিশ্রিত পানির স্রোত। মুহূর্তের মধ্যে পানির তোড়ে বাড়িঘর, গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে যেতে থাকে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও হালকা সবুজ রঙের একটি বাড়ি তখনও দাঁড়িয়ে ছিল। বাড়িটির বারান্দায় আতঙ্কিত অবস্থায় কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি বিবিসি ভেরিফাইয়ের তথ্যমতে, নেপালের ত্রিশুলি নদীর আশপাশের এলাকার। ভয়াবহ বন্যার সময় ওই বাড়ির বারান্দায় কয়েকজন আটকা পড়েছিলেন। বাড়ির ছাদে থাকা এক নারীকে সাহায্যের সংকেত হিসেবে লাল কাপড় নাড়াতেও দেখা যায়। যদিও ভাইরাল হওয়া ভিডিওতে তাদের পরবর্তী পরিস্থিতি দেখা যায়নি এবং বিবিসি ভেরিফাইও তাদের পরিচয় প্রকাশ করেনি, তবে দৃশ্য দেখে বোঝা যায় পরিবারটি ভয়াবহ স্রোতের মধ্যে কোনোভাবে নিরাপদে থাকার চেষ্টা করছিল।

পানির প্রবল স্রোত কিছুটা কমলে উদ্ধারকারীরা সেখানে পৌঁছান। ভিডিওতে অন্তত তিনজনকে দেখা যায়—একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। তাদের চারপাশ দিয়ে তখনও প্রচণ্ড বেগে কাদামাটি ও পানির স্রোত বয়ে যাচ্ছিল। স্রোতের সঙ্গে বড় বড় পাথর, ধ্বংসাবশেষ এবং বিভিন্ন বাড়ির টিনের চাল ভেসে যেতে দেখা যায়।

পানির সঙ্গে ভেসে আসা বিভিন্ন বস্তু বারবার বাড়িটিতে আঘাত করছিল, ফলে যেকোনো মুহূর্তে বাড়িটিও স্রোতে ভেসে যেতে পারে—এমন আশঙ্কাই তৈরি হয়েছিল। আতঙ্কের মধ্যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে অত্যন্ত অসহায় দেখাচ্ছিল। এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শেয়ার করুন